এমবাপের গোলে জিতলো পিএসজি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:১০

শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেইঁ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের একমাত্র গোলে লিগ ওয়ানে নান্তেসের বিপক্ষে জয় পেয়েছে। এই জয়ের ফলে টানা দুই ম্যাচে ড্রয়ের বৃত্ত থেকেও বেরোলো কোচ থমাস টুখেলের দল। ঘরের মাঠে নেইমারবিহীন পিএসজি বলের দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভেঙে গোলের দেখা পাচ্ছিল না। আরেকটি ড্রয়ের শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠছিল পিএসজি শিবিরে।  ৬৮তম মিনিটে অবশেষে গোলের অপেক্ষা শেষ হয় বর্তমান চ্যাম্পিয়নদের। অ্যাঙ্গেল ডি মারিয়ার কর্নারে গোলমুখে বল পেয়ে ডান পায়ের টোকায় জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড এমবাপে। এই গোলের ফলে চলমান লিগ ওয়ানে ১৩ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন এমবাপে। ১-০ গোলের জয়ের ফলে ১৭ ম্যাচ শেষে ১৫ জয় এবং ২টি ড্র নিয়ে ৪৭ পয়েন্ট সংগ্রহ করলো পিএসজি।