পিসিবির প্রস্তাবে বিসিবির ‘না’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

দিবা রাত্রির টেস্ট

স্পোর্টস রিপোর্টার

দিবারাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা সুখকর নয় বাংলাদেশের। গত নভেম্বরে গোলাপি বলে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ দল। ইডেন গার্ডেন্সে মাত্র দুই দিনে ম্যাচ হেরেছিল মুমিনুল হকের দল।

পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজে একটি ম্যাচ গোলাপি বলে খেলার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব গ্রহণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল এই মুহূর্তে গোলাপি বলে টেস্ট খেলতে প্রস্তুত নয় জানিয়ে পিসিবিকে ‘না’ করে দিয়েছে বিসিবি। সদ্যই রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। চার দিনেই শেষ হয়েছে ম্যাচ। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। করাচিতে আগামী ৫ এপ্রিল শুরু হবে এই টেস্ট। যেটি গোলাপি বলে খেলতে চেয়েছিল পাকিস্তান।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, দিবারাত্রির টেস্ট খেলতে রাজি নয় বাংলাদেশ। প্রস্তুতির স্বল্পতার কারণে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এখনই গোলাপি খেলতে চায় না। গতকাল ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আমরা আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, প্রস্তুতির ঘাটতি থাকায় তারা এই মুহূর্তে দিবারাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নয়। সবকিছু বিবেচনায় আমরা পাকিস্তানে দিবারাত্রির টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ বিসিবির সিদ্ধান্তও যৌক্তিক, বাস্তবসম্মত। কারণ ঘরোয়া ক্রিকেটেও গোলাপী বলে কোনো ম্যাচ খেলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। এমনকি কোনো ধরনের অনুশীলন আয়োজন করে না বিসিবি। ভারতের বিরুদ্ধে ওই ম্যাচের পর গোলাপি বলে কোনো কার্যক্রমই ছিল না জাতীয় দলের। চলমান লংগার ভার্সন বিসিএলের ফাইনাল দিবারাত্রির করার প্রস্তাব এসেছে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে। যদিও সেটি এখনো আলোচনার পর্যায়েই আছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। নিরাপত্তা ঝুঁকির ভয়ে তিন দফায় পাকিস্তান সফর করেছে বাংলাদেশ দল। প্রথম ভাগে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-০তে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ভাগে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলেছে সফরকারীরা। তৃতীয় ভাগে আগামী এপ্রিলে একটি ওয়ানডে ও সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলবে বাংলাদেশ।