নরসিংদী প্রতিনিধি
নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের চার দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো. শাহরুখ খানের নেতৃত্বে মঙ্গলবার নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় চার দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. মাঈন উদ্দিন, নজরুল ইসলাম, রিয়াজুল মিয়া ও আমীর বাদশা। আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলহাজতে পাঠায়।
এছাড়া, আদালত দালালির কাজে সম্পৃক্ত থাকার দায়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা প্রণব কুমার দাসকে কারণ দর্শানোর নোটিশ জারি করার জন্য পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দেবনাথকে নির্দেশ দেন।
