হবিগঞ্জে ইউপি মেম্বারের লাশ উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি পুকুর পাড় থেকে অরুন দাশ (৬৫) নামে এক ইউপি মেম্বারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পুকড়া গ্রামের ফারুক মিয়ার পুকুর পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তিনি পুকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। পুলিশ ও তার স্বজনরা জানায়, সোমবার তিনি কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উত্সবে যান। সন্ধ্যায় ছেলের সঙ্গে কথা বলার পর থেকে পরিবারের সঙ্গে আর যোগাযোগ ছিল না তার।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।