সিকৃবিতে দুই দিনব্যাপী গবেষণা কর্মশালা
সিলেট অফিস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আলমগীর বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কৃষির ভূমিকা অপরিসীম। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ এবং ২০৪১ অর্জনের জন্য কৃষির বিকল্প নেই। মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেসের (সাউরেস) পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়। কর্মশালায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সিংগাইরে ডেঙ্গর পিরসাহেবের ১২৫তম বাত্সরিক উরস মোবারক আজ
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জয়মন্টপ পীরবাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ সূফী আব্দুল ওয়াহেদ ওরফে হযরত শাহ্ সূফী ডেঙ্গর পীরের (রাহ.) ১২৫তম বার্ষিক উরস মোবারক অনুষ্ঠিত হবে আজ বুধবার। উরস মোবারকে রয়েছে বাদ ফজর খতমে কোরআন, বাদ জোহর মাজার শরীফে জিয়ারত, বাদ আছর তবারক বিতরণ, বাদ মাগরিব থেকে সারারাত ওয়াজ, জিকির ও মিলাদ মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত ডেঙ্গর পীরের সুযোগ্য নাতি পীরজাদা মাওলানা শাহ্ সূফী আবু মুহাম্মদ বদরুল হুদা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে-দ্বীন, প্রখ্যাত শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ড. আলহাজ মুফতী মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দিন সরকার সালেহী। প্রধান বক্তা হিসেবে থাকবেন আল্লামা ড. মুফতি মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল-আজহারী।
শিক্ষাসেবিকা কর্মশালা সম্পন্ন
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় ‘আশা-শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা’ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। কুমিল্লা পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে আশা-কুমিল্লা জেলা কার্যালয়ের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি’ এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা কেন্দ্রীয় সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ। আশা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার প্রমুখ।
কাউখালীতে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ডাদেশ
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রীকে বিয়ে করার অপরাধে বর পলাশ দেবনাথকে ছয় মাসের কারাদণ্ড ও স্কুলছাত্রী স্বর্ণা বেপারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা বাল্যবিবাহ নিরোধ আইনে এ জেল-জরিমানা করেন। জানা গেছে, কাউখালীর আমরাজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের পলাশ দেবনাথের (২৬) সঙ্গে পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার অষ্টম শ্রেণীর ছাত্রী স্বর্ণা বেপারীর (১৩) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার দুই জন অভিভাবকদের না জানিয়ে সারেংকাঠী ইউনিয়নের করফা গ্রামের একটি মন্দিরে গিয়ে বিয়ে করে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে হাজির করলে তিনি এ রায় দেন।
রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচির রাজাপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা প্রমুখ।
বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে মঙ্গলবার বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুবিপ্রবি) মাঠে শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজন করে। বেস্ট এগ্রো হার্বেস্ট, আলহামদুল্লািহ সুইটস এবং চিত্রালী ডিজিটাল প্রিন্টার্স খেলার স্পন্সর করে। প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রুস্তম আলী ঠিকাদার খেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মো. জিন্নাহ।
