কর্ণফুলীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে তিন মাস সময় পেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২০

কর্ণফুলী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে তিন মাস সময় দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে সেখানকার বিদ্যুত্, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্নর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এ আদেশ বাস্তবায়ন করে আগামী ১২ মে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছে হাইকোর্ট।

এর আগে আদালতের আদেশে হাইকোর্টে হাজির হয়েছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ। আদালতে চেয়ারম্যানের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ব্যারিস্টার ইমরানুল কবীর, রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। শুনানি শেষে বন্দর চেয়ারম্যানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত। ইমরানুল কবীর ইত্তেফাককে বলেন, উচ্ছেদ কাজে বন্দর কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা করতে চট্টগ্রাম সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। মনজিল মোরসেদ বলেন, ৫৮ একরের মধ্যে ৩৫ একর জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ। বাকি ২৩ একর জমিতে উচ্ছেদে আদালত তিন মাস সময় দিয়েছে।