আকবরের সাফল্যে উচ্ছ্বসিত বাবা মোস্তফা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে সারাদেশের মতো দলের অধিনায়ক আকবরের বাবা-মাও উচ্ছ্বসিত। দেশের জন্য সম্মান বয়ে আনা এই ক্রিকেটারের জন্য সবার দোয়া চেয়েছেন তার বাবা। আকবরের বাসায় গিয়ে মা-বাবাকে ফুলেল শুভেচ্ছা জানান রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। গত রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে অনন্য অবদান রাখেন অধিনায়ক আকবর।

রংপুর মহানগরীর সন্তান আকবরের বাড়ি গিয়ে কথা হয় তার বাবা মো.মোস্তফা ও মা সাহিদা আক্তারসহ প্রতিবেশীদের সঙ্গে। রাতে খেলা শেষ হওয়ার পর আকবরের বাড়ি রংপুরের পশ্চিম জুম্মাপাড়ায় সংবাদকর্মী শুভাকাঙ্ক্ষীসহ ক্রিকেটপ্রেমীরা ভিড় জমান। বিভিন্ন এলাকা থেকে পিকাপ ভ্যান ও পায়ে হেঁটে মিছিল নিয়ে তার বাড়ির সামনে এসে মেতে ওঠে আনন্দে। আকবরের মা-বাবা বলেন, আকবর জয় নিয়েই দেশে ফেরার পণ করে খেলতে গিয়েছিল। তার অদম্য ইচ্ছাই তাকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছে। আকবর আমার দোয়া নিয়ে খেলতে গিয়েছিল। আল্লাহর রহমতে সে আজ রংপুর তথা বাংলাদেশের মুখ বিশ্বে উজ্জ্বল করেছে। এ জয় পুরো দেশবাসীর জন্য উত্সর্গ করেন তিনি।

আকবরের বাবা মো. মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘আমি কান্না থামাতে পারছি না। এ কান্না খুশির কান্না। মহান আল্লাহতায়ালা তার ওপর রহমত করেছে বলেই আজ রংপুর থেকে সে পুরো বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছে।’ সবার কাছে ছেলের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, ‘আমার ছেলে স্বপ্ন দেখত যে, সে দেশের হয়ে খেলবে এবং জয় ছিনিয়ে আনবে। তার দৃঢ় মনোবল আজ সেই স্বপ্ন পূরণ করেছে।’

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সোমবার রাতে আকবরের বাসায় গিয়ে তার পিতা মো. মোস্তফা হোসেন এবং মা সাহিদা আক্তারসহ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরের পিতামাতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মিষ্টি মুখ খাওয়ানো হয় ও একটি কেক কাটা হয়। জেলা প্রশাসক আসিব আহসান বলেন, অধিনায়ক আকবর ভালো ক্রিকেট খেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী করে বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই সঙ্গে রংপুরবাসীকে গর্বিত করেছেন। বিসিবির পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আকবর রংপুরের ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আকবরের সঙ্গে রংপুরের ক্রীড়াঙ্গন আছে, আগামীতেও থাকবে। আমরা আকবরের হাত ধরে ক্রিকেট দুনিয়ায় আরো ভালো কিছু প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীরসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরকে নাগরিক সংবর্ধনা প্রদানের সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসিব আহসান।