টেলিটকের দক্ষতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

দেশের রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের (টিবিএল) কার্যক্রম আরো দক্ষতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তৃতীয় পক্ষের মাধ্যমে সম্ভাবতা যাচাই করে প্রকল্প গ্রহণের নির্দেশনা দেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন শীর্ষক প্রকল্প উপস্থাপন করা হলে সেটি অনুমোদন না দিয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ২৪২২ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনা সচিব নুরুল আমিন সাংবাদিকদের প্রকল্পগুলোর বিষয়ে অবহিত করেন।             তিনি জানান, টেলিটকের প্রকল্পটি উপস্থাপন করা হলে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সেটি আবার ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, টেলিটকের দায়িত্ব বাড়াতে হবে। দক্ষতার সঙ্গে টেলিটকের কার্যক্রম বাড়াতে হবে। এ প্রকল্পটি তৃতীয়পক্ষের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করে তারপর একনেকে উপস্থাপন করতে হবে।

সভায় ৩০৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও হুকুম দখল এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়ির মার্কেটিং টার্মিনাল হতে পার্বতীপুর ডিপো পর্যন্ত ১৩০ কিলোমিটার (ভারত অংশ ৫ কিলোমিটার ও বাংলাদেশ অংশ ১২৫ কিলোমিটার) দীর্ঘ ১০ ইঞ্চি ব্যাস বিশিষ্ট ভূগর্ভস্থ পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ করার জন্য বাংলাদেশ অংশের ভূমি অধিগ্রহণ, হুকুম দখল ও রিসিভিং টার্মিনাল নির্মাণ করা হবে এ প্রকল্পের মাধ্যমে। প্রকল্পটি আগামী দুই বছরের মধ্যে সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভায় ২৫৫ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যা ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো, ৫৫৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বানেশ্বর (রাজশাহী)-সারদা-চারঘাট-বাঘা-লালপুর (নাটোর)-ঈশ্বরদী (পাবনা) জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কের মানে উন্নীতকরণ প্রকল্প, ২১৭ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে সৈয়দপুর-নীলফামারী মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ (১ম সংশোধিত) প্রকল্প, ৫৭৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুত্ কেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা প্রকল্প, ৩০ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে তেজগাঁও-এ বিসিকের বহুতল ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, ২৬৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে বিসিক প্লাস্টিক শিল্পনগরী (১ম সংশোধিত) প্রকল্প, ৭৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বিসিকের আটটি শিল্পনগরী মেরামত ও পুনঃনির্মাণ প্রকল্প এবং ১৪৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।