স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো অসংখ্য সুযোগ হাতছাড়া করলেও জুভেন্তাসের জয়ে সেটা কোনো প্রভাব পড়লো না। সি আর সেভেন হতাশাজনক রাত কাটানোর মাঝেই জ্বলে উঠলেন ক্রোয়াট তারকা মারিও মানজুকিচ। তাঁর একমাত্র গোলে এবার জুভেন্তাসের কাছে হারলো রোমা। ইতালিয়ান চ্যাম্পিয়নরা সিরি ‘এ’র আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে ১-০ গোলে জেতে। সিরি ‘এ’র একমাত্র অপরাজিত দল জুভেন্তাস ১৭ ম্যাচে ১৬ জয় আর এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে সুসংহত করল শীর্ষস্থান। ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নাপোলি। ২৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে রোমা। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা ঘরের মাঠে প্রথম সুযোগ তৈরি করে। অষ্টম মিনিটে সান্দ্রোর শট ফিরিয়ে দেন রোমার গোলরক্ষক। অষ্টাদশ মিনিটে আবার তিনি ঠেকান সান্দ্রোর জোড়ালো শট। ২২তম মিনিটে লক্ষ্যে থাকেনি রোনালদোর বাইসাইকেল কিক। পর্তুগিজ তারকার হতাশার সেটাই শুরু। এরপর অনেকবার গোলের খুব কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। ৩৫তম মিনিটে স্বাগতিকদের অপেক্ষার অবসান হয় মারিও মানজুকিচের দারুণ হেডে। মাত্তিয়া দে শিলিওর দারুণ ক্রসে তার চমত্কার হেড খুব কাছে থেকেও ঝাঁপিয়ে ঠেকাতে পারেননি রোমা গোলরক্ষক। ৫১তম মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। চার মিনিট পর লক্ষ্যে থাকেনি তার হেড। ৫৮তম মিনিটে এই তারকা ফরোয়ার্ডের হেড কোনোমতে ঠেকান গোলরক্ষক। কর্নার থেকে আবার সুযোগ আসে রোনালদোর সামনে। তবে এবারও পরাস্ত করতে পারেননি গোলরক্ষককে। পাওলো দিবালার জায়গায় বদলি নামা দগলাস কস্তা ৯০তম মিনিটে বল জালে পাঠিয়ে ছিলেন। তবে তার আগে ব্লেইস মাতুইদি প্রতিপক্ষের একজনকে ফাউল করার ঘটনায় ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি। - বিডিনিউজ/সকারওয়ে
