স্পোর্টস রিপোর্টার
ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ম্যাচটা হেরে টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো বাংলাদেশ। সামনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই মাসের বিরতি। ক্রিকেটাররা বিপিএল খেলবেন আগামী মাসে। শনিবার রাতে ম্যাচ শেষে পুরো দলের সঙ্গে কথা বলেছেন স্টিভ রোডস। গতকাল সকালেও বিসিবিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজারের সঙ্গে মিটিং করেছেন বাংলাদেশের হেড কোচ।
লাগেজ, হ্যান্ডব্যাগ নিয়ে বিসিবিতে ঘুরছিলেন রোডস। গতকাল দুপুরের পর মিরপুর স্টেডিয়াম ছেড়ে যান। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দুই সিরিজ শেষে ছুটিতে ইংল্যান্ড গেলেন তিনি। পরিবারের সঙ্গে ক্রিসমাসের ছুটি কাটাতে গতকাল রাতেই বাংলাদেশ ত্যাগ করেছেন রোডস।
তবে ১২ জানুয়ারি আবার ঢাকায় ফিরবেন টাইগারদের কোচ। জানিয়েছেন, বিপিএলে ক্রিকেটারদের খেলা দেখতে চান। নতুন প্রতিভার সন্ধানে ঘুরবেন সব ভেন্যু। জাতীয় দলের ক্রিকেটারদেরও বলেছেন, বিপিএলে নিজেদের সেরাটা খেলতে। এবং বিদেশি তারকা ক্রিকেটারদের কাছ যত সম্ভব শিখতে।
নিকট অতীতে বাংলাদেশের কোচরা সাধারণত ঘরোয়া ক্রিকেট দেখতেন না। কিন্তু রোডস ব্যতিক্রম। গতকাল তিনি বলেছেন, এটাই আমার কাজের ধরন। আর ঘরোয়া ক্রিকেট দেখা আমার কাজের অংশ।
