বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে নার্সিং কোর্সের ওপর সার্টিফিকেটধারীরা নার্সিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এ সংক্রান্ত এক রায়ের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি মুহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে নার্সিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠানের ওপর থাকা স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছে আপিল বিভাগ। এর ফলে নার্সিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদেশের পর বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল কলেজ শাখা, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা মিডওয়াইফারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। পরে বিএনএর সভাপতি কামাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি লিজা আক্তার ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ইন্টার্ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন, ডিপ্লোমা মিডওয়াইফারি অ্যাসোসিয়েশনের সভাপতি শম্পা টুকুসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মো. ফারুক হোসাইন, রাজিব কুমার বিশ্বাস, বিল্লাল হোসেন, নিয়াজ মাহমুদ প্রমুখ আনন্দ মিছিল বের করেন। এতে ১ হাজার নার্স অংশ নেন।
এদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত নার্সিং ও মেডিক্যাল টেকনোলজির সব কোর্স বন্ধ হয়ে যাচ্ছে। ফলে চলতি বছর অর্থাত্ ২০২০ সাল থেকে নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্সের নতুন করে ভর্তি/শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হবে না। ইতিপূর্বে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত নার্সিং ও মেডিক্যাল টেকনোলজির সকল কোর্স স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হচ্ছে। সোমবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. মাহাবুবুর রহমান ও পরিচালক (কারিকুলাম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
