সরকারের রাঘব বোয়ালদের জন্য লুটপাটের সব দরজা খুলে দেওয়া হয়েছে : রিজভী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৬

সরকারের রাঘব বোয়ালদের জন্য লুটপাটের সব দরজা খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, সরকারের রাঘব বোয়ালদের জন্য লুটপাটের সব দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে যেভাবে পারছে লুটে নিচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোমবার দৈনিক পত্রিকায় পড়া একটি নিবন্ধের কথা উল্লেখ করে রিজভী বলেন, ঐ নিবন্ধে লুটপাটের একটি লোমহর্ষক চিত্র তুলে ধরা হয়েছে।

রিজভী বলেন, দুদক নামের দলকানা এক প্রতিষ্ঠান আছে তারা হারিকেন দিয়ে শুধু বিরোধী দলের লোকজনদের খুঁজতে খুঁজতে দিন-রাত পার করে। সরকারের মন্ত্রী-এমপিরাই এখন লুটতরাজের একেকজন সর্দারে পরিণত হয়েছে। খালেদা জিয়াকে বন্দি রেখে বিনা ভোটে ক্ষমতা দখলে রেখে সরকারের টপ-টু বটম লুটের টাকার ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত।

জনগণের প্রতি আস্থা নেই বিএনপির সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনাদের দান-খয়রাতের গণতন্ত্রে জনগণকে কোথায় পাঠিয়েছেন তা কি আপনি জানেন? জনগণের প্রতি যখন এতই আপনাদের আস্থা তাহলে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে নিশিরাতের নির্বাচন করছেন কেন? তিনি বলেন, কী ভয়ংকর অবস্থা! এটা তো রীতিমতো রাক্ষসরাজ্যে পরিণত করা হয়েছে দেশকে। জনগণের মধ্যে এখন এমন ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে যে, নতুন ও সন্দেহজনক ব্যাংক থেকে তারা আমানত তুলে ফেলতে শুরু করেছেন।

একুশে বইমেলা আওয়ামী বইমেলায় পরিণত হয়েছে দাবি করে রিজভী বলেন, বইমেলার সর্বজনীনতা হারিয়ে গেছে।