অবশিষ্ট বাংলাদেশিকে নিজ দায়িত্বে চীন থেকে ফিরতে হবে :পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীনে থাকা অবশিষ্ট বাংলাদেশিদের এখন নিজ দায়িত্বে দেশে ফিরতে হবে। কারণ সরকারিভাবে কাউকে দেশে ফেরানো সম্ভব হচ্ছে না। আসতে হলে ব্যক্তিগত খরচেই আসতে হবে, পরবর্তী ব্যবস্থা সরকার নেবে। গতকাল মঙ্গলবার শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্তানদের নিজ উদ্যোগে দেশে ফেরানোর জন্য চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীর অভিভাবকদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এখনো চীনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়নি। কুনিমং এবং গুয়াংজু থেকে ফ্লাইট আসছে। তিনি বলেন, এর আগে ৩১২ জনকে আনতে প্রায় ৩ কোটি টাকা প্লেন খরচ হয়েছে। যে জিনিসটি হচ্ছে, তারা চাইলে আসতে পারে। তবে সেটা নিজ উদ্যোগে। এছাড়া তাদের রাখাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা হজ ক্যাম্পে আছে, তারা বের না হলে নতুন করে বাকিদের কোথায় রাখব? আমরা বলেছি, তোমরা যদি আসতে চাও, নিশ্চয় আমরা পরীক্ষা করে, কোয়ারেন্টিনে পৌঁছে দেব।

সিঙ্গাপুরপ্রবাসী এক বাংলাদেশির শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় গত রবিবার তাকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে। তবে বাংলাদেশে কারো মধ্যে অথবা চীনে অবস্থানরত কোনো বাংলাদেশির মধ্যে এ ভাইরাস সংক্রমণের খবর আসেনি এখনো। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুব কম দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, সিঙ্গাপুর—এরকম কয়েকটি দেশ তাদের লোকদের ফিরিয়ে নিয়েছে। বাকি শত দেশের লোকেরা এখনো চীনে আছে। চীনারা বলেছে যে, তারা এক্ষেত্রে যত্নশীল। বাংলাদেশি শিক্ষার্থীদের খাবার, পানি যথাসময়ে সরবরাহ করছে। ওখানে তারা মোটামুটি ভালো আছে।

সৌদি আরব ৪২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সংবাদমাধ্যমের এমন খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে সরকারের কাছে কোনো তথ্য নেই।