রোহিঙ্গা গণহত্যার বিচার

আইসিজের মামলায় গাম্বিয়াকে সহায়তা দিয়ে যাবে ওআইসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৯

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় গাম্বিয়াকে সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। এজন্য তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই তহবিল সংগ্রহ করা হবে। গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে নাইজারে এবং সেটির প্রস্তুতির এই বৈঠকে আয়োজন করা হয়। বৈঠকে গত ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচারিক আদালতের আন্তবর্তী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়, গাম্বিয়াকে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রস্তাবে সমর্থন আছে ইসলামি দেশগুলোর। এছাড়া তহবিল সংগ্রহের জন্য এরই মধ্যে ওআইসি সচিবালয় একটি অ্যাকাউন্ট খুলেছে, আগ্রহী রাষ্ট্রগুলো ঐ অ্যাকাউন্টে তাদের সহায়তার অর্থ জমা দিতে পারবে। এছাড়া বৈঠকে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিষয়ে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।