বিএম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৪

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার পরে উভয় গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে পালটাপালটি শোডাউন করে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের কলেজের মূল ভবনের সামনের মাঠে সমাজকর্ম বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের মধ্যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফাহিমের সঙ্গে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সালের সাথে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে তারা অপর ছাত্রদের নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. জাফর গুরুতর আহত হয়। পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া ও পালটাধাওয়ার ঘটনা ঘটে। এই বিষয়ে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেওয়ায় উভয় পক্ষকে ডেকে সমাধান করে দেয়া হয়েছে।