পল্লবীতে আওয়ামী লীগ নেতার পিস্তলের গুলিতে আরেক নেতা গুলিবিদ্ধ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৯

রাজধানীর পল্লবীতে আওয়ামী লীগের দুই গ্রুপের হাতাহাতির একপর্যায়ে এক নেতা লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি করে আরেক আওয়ামী লীগ নেতাকে আহত করেছেন। আহত আওয়ামী লীগ নেতার নাম মোহাম্মদ আলী (৩২)। বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা ধাওয়া করে রকিবুল ইসলাম শাওন নামে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে লাইসেন্সকৃত পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল মঙ্গলবার রাতে পল্লবীর ৫ নম্বর অ্যাভিনিউয়ের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে ৫ নম্বর অ্যাভিনিউতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রকিবুল ইসলাম শাওন তার কাছে থাকা পিস্তল উঁচিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করেন। এরমধ্যে একটি গুলি মোহাম্মদ আলীর হাতের আঙুলে আংশিক লাগে। এরপরই শাওনকে ধরে পুলিশের কাছে খবর দেন আলীর পক্ষের লোকজন। আলীকে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন গুলি করার কথা স্বীকার করেছেন। তবে দাবি করেছেন—তিনি আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। আত্মরক্ষার পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছিল—তা তদন্ত করা হচ্ছে। এটি তার লাইসেন্সকৃত অস্ত্র। আহত ব্যক্তি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।