রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গতকাল রবিবার ঢাকার মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের অডিটরিয়ামে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৮ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৮ এর কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের মাঝে সনদ বিতরণ করেন।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সকল সদস্যকে অভিনন্দন জানান। জাতির নিরাপত্তার নিশ্চিতকল্পে এনডিসির পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় রাষ্ট্রপতি গভীর সন্তোষ প্রকাশ করেন। জাতীয় উন্নয়নে সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ভূমিকার কথা আলোকপাত করে তিনি জনগণ, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে রচিত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ ও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি সামরিক কর্মকর্তাসহ মোট ৭৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবির ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ তাঁর স্বাগত ভাষণে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য কোর্সে অংশগ্রহণকারী সকল দেশি ও বিদেশি কোর্স মেম্বার ও কোর্সের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকল ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারগণকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া তিনবাহিনী প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকবৃন্দ, স্বনামধন্য ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মিলিটারি ও ডিফেন্স এ্যাটাচেগণ উপস্থিত ছিলেন।
