ছত্তিশগড়ে নির্বাচনের মধ্যেই মাওবাদীদের বিস্ফোরণ, আহত ২

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩৭

ভারতের ছত্তিশগড় রাজ্যে বিধানসভার ভোট হয়েছে মাওবাদীদের সহিংসতার মধ্যে। দক্ষিণ ছত্তিশগড়ের ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মাওবাদী উপদ্রুত এলাকার এই ৮ জেলায় অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন ভোট করানো নির্বাচন কমিশন তথা প্রশাসনের সামনে খুব বড় চ্যালেঞ্জ ছিল। যদিও গতকাল সোমবার দন্তেওয়াড়ায় ভোটগ্রহণের শুরুতেই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ভোটগ্রহণ কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে এই বিস্ফোরণে অবশ্য হতাহতের খবর পাওয়া যায়নি। সুকমায় ভোটকেন্দ্রের কাছে ৩টি আইইডি উদ্ধার হয়। বিজাপুরে মাওবাদীরা হামলা চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এই হামলায় আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয় বিশাল বাহিনী। - আনন্দবাজার পত্রিকা