বিশ্ববিদ্যালয় রিপোর্টার
জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর দেওয়া নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতি বাস্তবায়নে মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস নামের একটি সংগঠন। গতকাল রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত তারুণ্যের নির্বাচনী ইশতেহার পর্যালোচনা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংগঠনটির আহ্বায়ক ফারুক আহমেদ আরিফ লিখিত বক্তব্যে বলেন, দেশে প্রতিটি জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রদান করে। নির্বাচনের পর আর পূর্বের ঘোষিত ইশতেহারের খোঁজ রাখে না দলগুলো। এমনকি নির্বাচনের পরে ইশতেহারগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কোন সরকার কতটুকু অবদান রাখছে তা জনগণের জানা দরকার। তার জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল্লাহ কৌশিক, সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।
