বইমেলায় তারকার বই

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৭

 

অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। প্রতিবছর বইমেলা এলেই লেখক, কবিদের পাশাপাশি মিডিয়ার তারকারাও নিজের লেখা বই প্রকাশ করেন। এবারের মেলায় কয়েকজন তারকার বই নিয়ে এবারের আয়োজন

 

মাসুদ সেজানের ‘পার্বণ প্রকাশ’

থেকে এলো ৪ বই

নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান এবার প্রকাশনা জগতে প্রবেশ করলেন। এবারের গ্রন্থমেলায় তার নতুন প্রকাশনা সংস্থা ‘পার্বণ প্রকাশ’ থেকে চারটি বই প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে গত ৭ ফেব্রুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এক প্রকাশনা উত্সব ও পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশিত চারটি বইয়ের মধ্যে ‘দাঁড়াও সভ্যতা’ নামে মাসুদ সেজানের একটি কবিতার বইও আছে। এটি তার প্রথম কাব্য। এছাড়াও তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে, ‘আবৃত্তি : নির্বাচিত প্রবন্ধ ও ১০০ কবিতা’। মাসুদ সেজানের দশটি নাটক নিয়ে গল্প লিখেছেন সারফুদ্দিন আহমেদ; যা ‘সেজানের নাটক থেকে গল্প’ শিরোনামে আসছে। এছাড়াও  আসছে ‘নোবেলজয়ীদের কবিতা’র একটি অনুদিত গ্রন্থ। এটি বাঙলায়ন করেছেন কবি রহমান হেনরী।

 

রেজাউল করিম খোকনের ভিন্ন স্বাদের ৪ বই

এবারের অমর একুশে গ্রন্থমেলায় রেজাউল করিম খোকনের চারটি বই প্রকাশিত হয়েছে। ভিন্ন স্বাদের বইগুলোর মধ্যে উপন্যাস ‘জুঁই ভালোবেসেছিল’ এক তরুণীর অসম সম্পর্কের দুরুন্ত বেপরোয়া কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে। মুক্তিযুদ্ধের ১২টি গল্পের সংকলন ‘তখন একাত্তর’র প্রতিটি গল্পে মুক্তিযুদ্ধকালীন বাস্তবতা ফুটে ওঠেছে চমত্কারভাবে। বই দুটি প্রকাশ করেছে গ্রন্থকুটির। শিশুতোষ রূপকথার গল্প সংকলন ‘পাতালপুরির রাজকন্যা’য় ছোটদের ভালোলাগার মতো কয়েকটি গল্প সংকলিত হয়েছে। বইটির প্রকাশক শিশু গ্রন্থকুটির। বাংলাদেশে স্কুল ব্যাংকিংয়ের নানা বিষয় নিয়ে আলোকপাত করা বেশ কিছু লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্কুল ব্যাংকিং :শৈশবে শুরু হোক আর্থিক শিক্ষা’। এ বইটির প্রকাশক বাবুই। বইটি ছোট-বড় সববয়সী পাঠকদের স্কুল ব্যাংকিং বিষয়ে নানা কৌতূহল মেটাবে।

 

‘নামহীন’ নিয়ে জাহিদ আকবর

 

উপমহাদেশের বিখ্যাত রকস্টার আইয়ুব বাচ্চু প্রয়াত হলেও তার অনুজরা তাকে ভুলে যায়নি। গীতকবি জাহিদ আকবর কিংবদন্তি এই ব্যান্ড তারকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নিজের লেখা বই ‘নামহীন’ উত্সর্গ করলেন। যে বইটি চলতি অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে ‘প্রিয়মুখ প্রকাশনী’ থেকে।

জাহিদ আকবরের লেখা মোট সাতটি গানে সুর করেছিলেন আইয়ুব বাচ্চু। দুটি গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন এবং পাঁচটি গানের সুর করেছিলেন। গানগুলো প্রথম অ্যালবামে গেয়েছিলেন কানিজ সুবর্ণা, সোলসের নাসিম আলী খান। ২০০০ সালে প্রকাশিত আইয়ুব বাচ্চুর ‘একা’ অ্যালবামের টাইটেল গান ‘একা’ তার লেখা প্রথম গান।

প্রয়াত এ গিটার জাদুকরকে ‘নামহীন’ বইটি উত্সর্গ প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, এ শহরে আমার নতুন জন্ম বসের (আইয়ুব বাচ্চু) হাত ধরে। উনি যদি আমার লেখা গানে কাজ না করতেন, তাহলে হয়ত এ শহরে টিকে  থাকতে পারতাম না। তাই হূদয় নিঙড়ানো ভালোবাসা থেকে বইটি তাকে উত্সর্গ করলাম। বলে রাখছি, কোনো বাণিজ্যিক উদ্দেশে  নয়, তাকে শুধুমাত্র সম্মান দেওয়ার জন্য ‘নামহীন’ উত্সর্গ করেছি। ‘নামহীন’ জাহিদ আকবরের লেখা তৃতীয় বই। তার লেখা প্রথম বই ‘উধাও’ প্রকাশ হয় ২০১৮ সালের গ্রন্থমেলায়। পরের বছর প্রকাশ পায় ‘শিকার’। দুটি বইয়ের সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রকাশ করলেন ‘নামহীন। জাহিদ আকবর বললেন, এ শহর অনেক মানুষের স্বপ্ন ভেঙে দেয়। এমনি একজন তরুণের স্বপ্ন ভাঙার গল্প নিয়ে লেখা ‘নামহীন’। গ্রন্থমেলার প্রিয়মুখ ২৪৪-২৪৫-২৪৬ নং স্টলে পাওয়া যাবে বইটি।