শ্যামলেন্দু পাল
নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে ক্লোজআপ ওয়ান তারকা ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী পিয়া বৈশ্যের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উদীচীর সংগীত বিভাগ এ সংগীত সন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে পিয়া বৈশ্য ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়’ গানটি দিয়ে তার পরিবেশনা শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে ১৬টি নজরুলসংগীত, লালনসংগীত, জালালগীতি এবং রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম ও জসীম উদ্দিন রচিত লোকসংগীত পরিবেশন করেন। এ সময় পিয়া বৈশ্যকে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন দোতারায় সারওয়ার কামাল রবিন, কি-বোর্ডে অসিত ঘোষ, তবলায় সুব্রত রায় টিটু, বাঁশিতে মুখলেছুর রহমান, অক্টোপ্যাডে রূপম ও গিটারে ইমরান আহমেদ।
উদীচীকর্মী মাসুদুর রহমানের সঞ্চালনায় গানের বিরতিতে পিয়া বৈশ্যের সংগীতজীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ওস্তাদ নিখিল সরকার, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, কবি স্বপন কুমার পাল, রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য স্বপন চৌধুরী দিলু ও সাংবাদিক সঞ্জয় সরকার। শুরুতে পিয়া বৈশ্যের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রাজন ভদ্র। বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। ২০০৫ সালে তিনি এনটিভি প্রযোজিত ‘ক্লোজআপ ওয়ান’ সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শীর্ষ তালিকায় স্থান পান।
