তিন মিনিটের কবিতা
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
স্বরব্যঞ্জন
প্রচ্ছদ: আল নোমান। মূল্য: ১২৫ টাকা
ছোটো অবয়বের নতুন ধারায় কবিতা নির্মাণের যে প্রতিষ্ঠিত, রীতিসম্মত ডিভাইস রয়েছে যেমন অ্যালেন গিনসবার্গ-এর আমেরিকান সেনটেনস, ল্যানডে (আফগান রীতি), রনড্যু বা এপিগ্রাম, সাইফুল্লাহ মাহমদ দুলাল বিধিসম্মতভাবে এই ডিভাইসগুলোর কোনো একটিকে ব্যবহার করেননি। শব্দকে ক্লান্তিমুক্ত এবং কথা বলার শক্তি দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন কোলাজ, মন্তাজ, চলচ্চিত্রিক ভঙ্গি; ফলে তিন মিনিটের কবিতাগুলোয় আমরা কোনো ভয়েড স্পেস পাই না, বিশেষ করে সাউন্ডস্কেপ পদ্ধতি ব্যবহার করার কারণে শব্দের ইমেজ সাদা কাগজের শূন্য জায়গাগুলোয় দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষয়টিকে আমরা বলতে পারি নতুন যুগের নতুন সাহিত্য ফ্যাশন। এবং এক্ষেত্রে নতুন লিরিকের জন্য কবি প্রায় স্বেচ্ছাচারী নায়কের মতো আমেরিকান সেনটেনস, ল্যানডে, রনড্যুর মিশ্র ডিভাইস প্রয়োগ করেছেন। কবির মেথডিক্যাল জাকসট্যাপজিশন শব্দের বিমূর্ত প্রতীকায়ন বিষয় থেকে আঙ্গিককে বিযুক্তকরণ এবং পুনরায় সংযুক্তকরণের দ্বান্দ্বিক প্রক্রিয়া পাঠককে এক রূপক জ্যামেতিক চিত্রে নিয়ে যায়। সেখানে পাঠক অতীত ইতিহাসের সংযোজিত পাঠ, বর্তমান এবং ভবিষ্যত্ সম্ভাব্য পাঠের এক প্যারাডক্সিকাল সহঅবস্থানের মধ্যে থেকে তাঁর নিজস্ব সংকট, ডায়স্ফোরার মুখোমুখি হন।
