খাদ্যে ভেজাল রুখতে মাঠে নামছে কর্তৃপক্ষ -------খাদ্যমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

বরিশাল অফিস

খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, খাদ্যে ভেজাল রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেবল রমজানে নয় সারা বছরই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যে ভেজাল রুখতে মাঠে নামছে। সে লক্ষ্যে লোকবল নিয়োগ ও অফিস প্রস্তুত করা হচ্ছে। বুধবার দুপুরে আমন সংগ্রহ ২০১৯-২০ উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মত্ নাজমানারা খানুম, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিদাশ অধিকারী, বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার, খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাইচ মিল মালিক, কৃষক ও সাংবাদিক।