লাকসামে আগুনে দগ্ধ স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসামে আগুনে দগ্ধ হয়ে নাঈমুল হাসান (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে কামড্যা শহিদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং রামচন্দ্রপুর গ্রামের মুরাদের ছেলে। ঐ সময় আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দিন রাতে নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে আলম স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভেতরে আটকা পড়ে নাঈমুল হাসান (১৫) ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও আবদুল মালেকের মুদি ও চা দোকান, সোহাগের লেপ-তোষক দোকান, নুর ইসলামের ফল দোকান, আবদুর রহিমের ফল দোকান ও আবদুর রবের সবজি দোকান পুড়ে ছাই হয়ে যায়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি জেলা প্রশাসক মীর আবুল ফজলের পক্ষ থেকে নিহত স্কুলছাত্রের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।