বগুড়ায় তথ্যমেলা উদ্বোধন
স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। বুধবার বিকালে বগুড়ার শহীদ টিটু মিলনায়তন চত্বরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক বগুড়ার উদ্যোগে জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় শহিদ টিটু মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী (মিডিয়া), বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মো. শাহাদত হোসেন।
বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধানের দায়িত্বে ড. আবু রেজা
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামকে একই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিওর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত ১০ ফেব্রুয়ারি এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ আদেশ ৫ ফেব্রুয়ারি, ২০২০ থেকে পরবর্তী তিন বছর কার্যকর হবে।
শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বুধবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে বুধবার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি পাবনার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সানোয়ার হোসেন।
শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে বুধবার শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
