স্টিল ব্যবসায়ীদের সঙ্গে এনবিআরের মতবিনিময় সভা
ইত্তেফাক রিপোর্ট
‘ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে হবে। ব্যবসায়ীরা আমাদের প্রতিপক্ষ নয়, তাদের সঙ্গে রাজস্ব বোর্ডের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেই রাজস্ব আদায় করতে হবে। সামগ্রিকভাবে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে ব্যবসায়ী ও রাজস্ব কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে।’ এক অনুষ্ঠানে জাতীয় রাজর্স্ব বোর্ডের সদস্য (ভ্যাট নীতি) ড. আব্দুল মান্নান শিকদার এসব কথা বলেন। অনলাইন ভ্যাট সহজীকরণ, ভ্যাটের আওতা বিস্তৃতকরণ, রাজস্ব আদায় বৃদ্ধি, করবান্ধব পরিবেশ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কমিশনার তাসমিনা হোসেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) কমিশনার মো. শওকত হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আমীর হোসেন নুরানী, সাধারণ সম্পাদক নাসিরউল্লাহ, ৩৫ নম্বর ওয়ার্ড কমিশনার ও ইংলিশ রোড আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু সাঈদ, ৫১ নম্বর ওয়ার্ড কমিশনার ও মীরহাজীরবাগ আয়রন দোকানদার মালিক সমিতি সভাপতি কাজী হাবিবুর রহমান হাবু, কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. মাহমুদ আলম প্রমুখ।
সংগঠনের সভাপতি আবু জর গিফারী জুয়েল বলেন, ‘নতুন ভ্যাট আইন অনুযায়ী অনলাইন নিবন্ধনভুক্তির বেশ কিছু অনলাইন রিটার্ন দাখিলের ও ভ্যাট-সংক্রান্ত নানাবিধ দলিলপত্র সংরক্ষণ করতে হয়। ফরমগুলো পূরণ করার জন্য সার্কেলগুলোতে যোগাযোগ করলে তারা এ বিষয়ে যথাযথ সহযোগিতা করতে পারছে না। অনলাইনভিত্তিক রিটার্ন দাখিলের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা এবং যথাযথ জ্ঞান ও দক্ষতার অভাবে আমরা ব্যবসায়ীরা সঠিকভাবে হিসাবপত্র রাখতে সক্ষম হচ্ছি না।’
