g ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের খবরে গত মঙ্গলবার বড়ো উত্থান হলেও গতকাল বুধবার সামান্য উত্থান হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৬৫০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকও বেড়েছে। সিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক এবং সিডিএসইটি সূচক কমেছে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে ১৫১ কোটি ৩৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৮৫ লাখ টাকার।
ডিএসইতে গতকাল ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টির বা ৪৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৪৬টির বা ৪১ শতাংশের এবং ৪৯টি বা ১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৪ পয়েন্টে। গতকাল সিএসইতে হাত বদল হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সিএসইতে ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
০
