গোলশূন্য ড্রয়ে আবাহনীর বিদায়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

এএফসি কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার

নিজের ঘরেই যারা অফুরন্ত সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা প্রতিপক্ষের ঘরে গিয়ে তেড়েফুড়ে উঠবে, এটা যারা আশা করেছিলেন তাদের আশার গুড়ে বালি পড়েছে। মালদ্বীপের রাজধানী মালেতে গিয়ে মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে আবাহনী গোলশূন্য ড্র করে এএফসি কাপ হতে বিদায় নিয়েছে। গতকাল সন্ধ্যায় মালদ্বীপে অনুষ্ঠিত খেলায় আবাহনী যদি ১-০ গোলে জিততে পারত কিংবা ৩-৩ গোলে ড্রও হতো তাহলেও এএফসি কাপের দ্বিতীয় পর্বে উঠত। ১-১ গোলে ড্র হলেও বিদায়, ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হতো। আবাহনী গোল করতেও পারেনি, গোল হজমও করেনি।

এভাবে বিদায় নেবে ভাবতেও পারেনি আবাহনী। এএফসি কাপ ফুটবলে আবাহনীও খেলেছে তিন বার। তখন গ্রুপপর্বে খেলেছিল। এবার তাদের পারফরম্যান্স ভালো না বলে দুই ধাপ পেছন হতে লড়াই করছিল আবাহনী। মাজিয়ার বাধা টপকাতে পারলে আকেরটি বাধা সামনে আসত। সেটিও যদি টপকে যেত তাহলে গ্রুপপর্বে খেলার সুযোগ হতে যেখানে আগেই ঠাঁই পেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ঢাকায় হোম ম্যাচে মাজিয়ার বিপক্ষে আবাহনী দুই বার গোল হজম করে পিছিয়ে থেকেও খেলায় ফিরেছিল। ম্যাচ জেতার মতো গোলের সুযোগও যথেষ্ট পরিমাণে পেয়েছিল আবাহনী; কিন্তু সেটা যদি তারা কাজে লাগাতে না পারে তাহলে সেই দায় কার। ২-২ গোলে ড্র হওয়ায় অ্যাওয়ে ম্যাচ আবাহনীর জন্য কঠিনই ছিল কাল। সেটি যে পারবে না সেটা আগেই অনুমেয় ছিল।