ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ২২২

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে অন্তত ২২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আট শতাধিক। নিখোঁজ রয়েছে ২৮ জন। সমুদ্রেগর্ভে অগ্ন্যুত্পাতের ফলে জাভা এবং সুমাত্রা দ্বীপে হতাহতের ঘটনা ঘটে। কয়েক হাজার বাড়ি ও ভবন বিধ্বস্ত হয়েছে। আকস্মিক আঘাতের কারণে কোনো পূর্ব সতর্কতাও জারি করা সম্ভব হয়নি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের

জাতীয় বিপর্যয় মোকাবেলা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ সুনামি আছড়ে পড়ে দক্ষিণ সুমাত্রায়। সংস্থার মুখপাত্র সুতোপো নুগরোহো বলেন, সুনামি ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের প্রভাবেই সুনামি আঘাত হেনেছে। ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে সুনামির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রার মধ্যকার সুন্দা প্রণালীতে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ ক্রাকাতোয়া। এখানকার অগ্নেয়গিরি থেকে এর আগেও বহুবার ভয়াবহ অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটেছে। টিভি ফুটেজে দেখা গেছে, জাভা দ্বীপের পেনডাগলাংয়ের সমুদ্র সৈকত ও আবাসিক এলাকায় যখন সুনামি আঘাত হানে তখন কিছু মানুষ এর কবলে পড়ে এবং বাড়ি-ঘর ভেসে যায়। অনেক ধাতব পদার্থও ভাসতে দেখা যায়।

সুনামি এবং ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া। মাঝে মধ্যেই কেঁপে উঠে এই দ্বীপ রাষ্ট্রটি। ২০০৪ সালে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং তার জেরে সুনামি আছড়ে পড়ে ১৪টি দেশে। সব দেশ মিলিয়ে দুই লাখ ২৬ হাজার মানুষ নিহত হয়। কেবল ইন্দোনেশিয়াতেই নিহতের সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার।