ঢাকাসহ তিন ভেন্যুতে প্রিমিয়ার লিগ শুরু আজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

আজ উদ্বোধনী দিনের খেলা

 স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ নিয়ে যখন আনন্দের ডামাঢোল বাজছে, তখন দেশের ফুটবলের সবচেয়ে বড়ো আসর প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আজ। ঢাকাসহ একসঙ্গে তিন ভেন্যুতে খেলা শুরু হবে। বঙ্গবন্ধু স্টেডিয়াম, নীলফামারী ও সিলেটে খেলা হবে।

পালাক্রমে দেশের আরো চার ভেন্যু চট্টগ্রাম, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লায় খেলা হবে। সাত ভেন্যুতে ১৫৬টি ম্যাচ হবে। এবার সবচেয়ে বেশি ভেন্যুতে খেলা হচ্ছে।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা তাদের ভেন্যু নীলফামারীতে পৌঁছেছে। পরশু সেখানে যাওয়ার পর ফুলের মালা পরিয়ে খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পর বসুন্ধরার ভেন্যু সবচেয়ে আধুনিক করা হয়েছে। ময়মনসিংহে সাইফ স্পোর্টিংয়ের ভেন্যুও আধুনিক করা হয়েছে।

সবচেয়ে নতুন ভেন্যু কুমিল্লা। মোহামেডান এই ভেন্যুতে খেলবে। তবে তাদের পঞ্চম রাউন্ডের ম্যাচে মোহামেডান ও বসুন্ধরা ম্যাচটি উপভোগ করতে পারবে সেখানকার দর্শক।

কুমিল্লা ছাড়াও ভালো খবর হচ্ছে, প্রায় চার বছর পর চট্টগ্রামে ফিরছে প্রিমিয়ার লিগ। চট্টগ্রাম আবাহনী আবারও চট্টগ্রামে ভেন্যু নিয়েছে। ২০১৬ সালে শেষবার চট্টগ্রামে লিগের খেলা হয়েছিল। এরপর প্রায় চার বছর কেটে গেল। ১৮ ফেব্রুয়ারি সেখানে প্রথম ম্যাচ খেলবে চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘ।  এবার প্রিমিয়ার ফুটবলে বাড়তি আকর্ষণ বুসন্ধরা কিংস। আগের মৌসুমে তারা রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার কলিন্দ্রেসকে এনেছিল। সেই ফুটবলার এবারও রয়েছেন, বাড়তি যোগ হয়েছে আর্জেন্টিনার ফুটবলার হার্নান বারকোসকে আনায়। বারকোস খেলেছেন লিওনেল মেসির সঙ্গে। মেসির সতীর্থ ফুটবলার হওয়ার কারণেই নয়, ফুটবল দুনিয়া যারা শাসন করে, তাদের একজন শক্তিশালী আর্জেন্টিনায় খেলেছেন। তার ফুটবল মেধা, দক্ষতা দর্শক টানবে তার খেলা দেখার জন্য। যদিও বারকোসকে লিগের শুরুতেই পাবে না দর্শক। কারণ বিদেশি রেজিস্ট্রেশন করাতে হয় একটা নির্ধারিত সময়ে। লিগের প্রথম পর্বের মাঝখানে রেজিস্ট্রেশন করার সুযোগ আসবে, তখনই সেটি করিয়ে নেবে বসুন্ধরা। তার আগ পর্যন্ত এএফসি কাপে খেলবেন বারকোস।

এবারের লিগে বিদেশি পাঁচ জন রেজিস্ট্রশন করেছেন, তবে খেলবেন চার জন। যদি চার জন মাঠে নামেন তাহলে একজন খেলবেন এশিয়ান কোটায়। তাকে এশিয়ার ফুটবলার হতে হবে। এই চার জনের মধ্যে কাউকে মাঠ থেকে তুলে নিতে চাইলে দেশি ফুটবলার দিয়েও পরিবর্তন করা যাবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির কর্মকর্তা জাবেন বিন আনসারী। তিনি বলেন, ‘চার বিদেশি মাঠে নামাতে হলে একজন এশিয়ান কোটায় খেলবেন, এটা বাধ্যতামূলক। বিদেশির পরিবর্তে দেশি খেলোয়াড়ও খেলানো যাবে।’

প্রিমিয়ার লিগে ১৩ দল খেলবে। নেমে যাবে একটি আর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ থেকে উঠবে দুটি দল। প্রিমিয়ারে প্রথমবার খেলছে নবাগত পুলিশ। লিগে ফিরেছে উত্তর বারীধারা ক্লাব ছাড়াও আরামবাগ, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স, শেখ জামাল, শেখ রাসেল, রহমতগঞ্জ, মোহামেডান, আবাহনী, বসুন্ধরা, সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনী।

এবারও লিগে ফেভারিট বসুন্ধরা কিংস। প্রায় একাই ১৫ কোটি টাকা ব্যয় করে দল গড়েছে। অভিজাত পাড়ায় খেলোয়াড়দের আবাসিক ব্যবস্থা, আধুনিক পদ্ধতিতে অনুশীলন, আধুনিক মাঠ, জিম, সুইমিংসহ সবকিছুতেই চমক লাগানো আয়োজন। সমর্থকপুষ্ট মোহামেডান, আবাহনীর মতো নামকরা সংগঠনগুলোতে খ্যাতনামা ব্যবসায়ীরা থাকলেও তারা সংগঠনের প্রতি সুবিচার করতে পারছেন না। অথচ নতুন এসেই লিগের মুকুট তুলে নিচ্ছে, নানাভাবে দর্শকদের ভালো ভালো খেলোয়াড় এনে চমকে দিচ্ছে। চমক দিতে পারে নবাগত পুলিশ।

লড়াই হবে বিদেশি কোচদের মধ্যেও। মোহামেডান, আবাহনী, সাইফ স্পোর্টিং, বসুন্ধরা, পুলিশ, ব্রাদার্সে বিদেশি কোচরা কাজ করছেন। তাদের মধ্যে লড়াই হবে মূলত শেখ জামালের শফিকুল ইসলাম মানিক, চট্টগ্রাম আবাহনীর মারুফুল হক, মুক্তিযোদ্ধার আব্দুল কাইয়ুম সেন্টু, রহমতগঞ্জের গোলাম জিলানী, শেখ রাসেলের সাইফুল বারী টিটু এবং উত্তর বারীধারা ক্লাবের কোচ আলফাজ আহমেদর বিপক্ষে।  

প্রিমিয়ার

লিগ

ফুটবল

বসুন্ধরা কিংস ও উত্তর বারীধারা ( ৩টা১৫, নীলফামারী)

শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী  (৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)

শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন   (৬টা ৩০, সিলেট স্টেডিয়াম)