জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও নেই সাদমান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

স্পোর্টস রিপোর্টার

কবজির ইনজুরির কারণে পাকিস্তান সফরের প্রথম টেস্টে খেলতে পারেননি সাদমান ইসলাম। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের একমাত্র টেস্টেও এই বাঁহাতি ওপেনারকে পাবে না বাংলাদেশ দল। ইনজুরির চিকিত্সার জন্য এই মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে সাদমানকে। মেলবোর্নে বিখ্যাত সার্জন গ্রেগ হয় এর অধীনে চিকিত্সা হবে এই তরুণের।

গত বছর ব্যাঙ্গালোরে মিনি রঞ্জি ট্রফি খেলতে গিয়ে কবজির ইনজুরিতে পড়েছিলেন সাদমান। চিকিত্সার মাধ্যমে অনেকটা সেরে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তার এই ব্যথা। যার কারণে পাকিস্তান সফরে যেতে পারেননি সাদমান। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টও মিস করতে যাচ্ছেন এই ওপেনার।

জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট শুরু হবে ২২ ফেব্রুয়ারি। এই ম্যাচে সাদমানের খেলা হচ্ছে না। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘নাহ, ওর খেলা হবে না। খেলতে পারবে না।’

এছাড়া কাঁধের ইনজুরি নিয়ে যুব বিশ্বকাপের মাঝপথে ফিরে এসেছেন পেস বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী। তাকেও সাদমানের সঙ্গে পাঠানো হবে মেলবোর্নে।

গতকাল জানতে চাইলে দেবাশীষ চৌধুরী আরো বলেছেন, ‘আমরা ওদেরকে অস্ট্রেলিয়ায় পাঠানোর চেষ্টা করছি। আমরা ওখানে যোগাযোগ করছি। মেলবোর্নেই ওদেরকে পাঠানো হবে। আশা করি এই মাসের শেষ দিকে যাবে ওরা। মেলবোর্নে সার্জন গ্রেগ হয় এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি।’