ওয়ান ইলেভেনের কুশীলব ও বিএনপি-জামায়াত চক্র শেখ হাসিনার বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে :তথ্যমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন ওয়ান ইলেভেনের কুশীলব এবং বিএনপি-জামায়াত চক্র একত্রিত হয়েছে। রাষ্ট্রকে বিরাজনীতিকরণের অপচেষ্টার অংশ হিসেবে সেদিন এক-এগারো সৃষ্টি করা হয়েছিল। সেই অপচেষ্টায় যারা যুক্ত ছিল, তারা এখনো সক্রিয়। আজও সূক্ষ্মভাবে সেই অপচেষ্টা আছে।’ গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর ‘আমার দেখা ওয়ান ইলেভেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ এটি প্রমাণিত যে, শেখ হাসিনার রাজনৈতিক কৌশল, নেতৃত্বের গুণাবলি, সাহস ও দূরদৃষ্টির কাছে তার রাজনৈতিক প্রতিপক্ষ প্রচণ্ডভাবে পরাজিত। বিএনপি এবং তার দোসররা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই তারা ষড়যন্ত্রের পথে হাঁটছে। সাংবাদিক লেখক সৈয়দ বোরহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থকার অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কলামিস্ট সুভাষ সিংহ রায়, স্বাধীনতা চিকিত্সক পরিষদের মহাসচিব ডা. এম এ আজিজ, কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের জাতীয় সমন্বয়ক ডা. শাহানা পারভীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।