ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক ছাঁটাইয়ের কারণে ও বকেয়া বেতন- বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রী। গতকাল সকাল সাড়ে ৯টায় তেজগাঁও নাবিস্কো এলাকায় কানিজ গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ করে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। আন্দোলনকারী শ্রমিকদের এক জন বলেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। এমনকি তাদের বকেয়া বেতন ও বোনাসের বিষয়ে সুরাহা না করেই গত ৩ দিন ধরে গার্মেন্টসে কোনো শ্রমিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে আটকে রেখেছে। তাই আমরা সড়কে নেমেছি। তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে দাবি পূরণের আশ্বাসে প্রধান সড়ক থেকে গার্মেন্টস কর্মীদের সরিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে সরিয়ে দেওয়া হয়।
