ইত্তেফাক রিপোর্ট
সিলেটের হবিগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর সক্রিয় সদস্য সফিকুল ইসলাম ওরফে রানাকে (২০) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সফিকুলের বিরুদ্ধে শাহপরান থানায় গত ৩০ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। তিনি ঐ মামলার পলাতক আসামি ছিলেন।
গত মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আল্লাহর দলের কয়েকজন সদস্য হবিগঞ্জ সদরের বাহুলা ২ নম্বর পুল এলাকায় সমবেত হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন এবং জনসাধারণের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এটিইউ দল অভিযান চালিয়ে সফিকুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দলিলসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়। এসপি মাহিদুজ্জামান আরো বলেন, সফিকুল হবিগঞ্জ জেলার প্রধান হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিল। এর আগে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সে সিলেট ও হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক প্রধান ছিল। সফিকুল ২০০৮ সালে জঙ্গি সংগঠনটিতে সদস্য হিসেবে যোগ দেয় বলে জানিয়েছে এটিইউ।
