আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহম্মদ নাসিম এমপি প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার প্রস্তাব দিয়েছেন। গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন।
নাসিম বলেন, দেশে চা-শ্রমিক, হরিজন, কামার, কুমার, যত দরিদ্র শ্রেণির মানুষ আছে মুজিববর্ষ উপলক্ষ্যে এদের জন্য কোনো বিশেষ অর্থের ব্যবস্থা করতে পারবেন কি অর্থমন্ত্রী? হাওর অঞ্চলের স্বল্প আয়ের দরিদ্র মানুষের জন্য বিদ্যুত্ ও পানি সরবরাহ করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। নাসিম বলেন, ‘উন্নয়নে আমরা অনেক দূর এগিয়ে গেলেও ঋণখেলাপিদের দৌরাত্ম্য কেন দূর করতে পারছি না। ঋণখেলাপির কলঙ্ক বহন করছি।’ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন অর্থমন্ত্রীকে। বিএনপির এমপিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এক দল করেন আমি অন্য দল করি। আপনারা আওয়ামী লীগের সব আদর্শে বিশ্বাস করবেন তা আমি বিশ্বাস করি না। জাতীয় পার্টি (এ) যা বিশ্বাস করে তা আমি বিশ্বাস করি না। কিন্তু যুগের প্রয়োজনে একজন নেত্রীকে/নেতাকে সমর্থন করতে হয়।
