চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডের একটি পুরোনো জাহাজে পাঁচ দিন ধরে আটকে থাকার পর অবশেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন ১৭ চীনা নাবিক। গতকাল বুধবার সকালে ঐ নাবিকদের জাহাজ থেকে নামিয়ে আনা হয়। এরপর তিনটি মাইক্রোবাসে করে তাদের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বিমানযোগে ঢাকা ও ব্যাংকক হয়ে সড়কপথে তাদের চীনে চলে যাওয়ার কথা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মাহমুদ আখতার হোসেন ইত্তেফাককে বলেন, ১৭ নাবিককে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। সেখান থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
