বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান অর্থমন্ত্রীর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কটি গত অর্ধশতাব্দীতে বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে। বাংলা-দেশ এখন বন্ধুত্বের ঊর্ধ্বে ‘টেকসই উন্নয়নের জন্য কার্যকর অংশীদারিত্ব’ ধরে রাখার দিকে নজর দিচ্ছে। বাংলাদেশ তার দ্বিপক্ষীয় বন্ধুদেশ ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অব্যাহত ও বর্ধিত সমর্থন প্রত্যাশা করছে। একই সঙ্গে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের প্রতিনিধিরা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় অর্থমন্ত্রী এসব কথা বলেন।         অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এবার এমন একটা সময়ে এই যৌথ কমিশন সভার আয়োজন করছে, যখন দেশ উন্নয়নের পথে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। পাশাপাশি এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। এই অধিবেশনের মাধ্যমে দেশের বিভিন্ন অর্থনৈতিক খাতে বিনিয়োগের পরিমাণ বাড়ানোরও আশা করা হচ্ছে।

১৩তম যৌথ মিশন সভায় এজেন্ডা এবং দ্বিপক্ষীয়  সহযোগিতার এলাকা হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে জনশক্তি, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ, বিদ্যুত্ ও জ্বালানি, ধর্মীয় বিষয়, পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি ও ফিশারি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ। সৌদি আরবের ৪০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী মাহির আবদুর রহমান আল গাসিম। সৌদি আরবের আরামকো, এসিডব্লিওএ পাওয়ার, বাওয়ানিসহ বেশ কিছু ব্যাবসায়িক সংস্থার প্রতিনিধিরা এ দলে রয়েছেন।