করোনা ভাইরাসে চীনে আরো ৯৭ জন মারা গেছে। তবে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসতে শুরু করায় এই রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশা দেখতে শুরু করেছেন চিকিত্সকেরা। চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ার পর থেকে গত ছয় সপ্তাহে মোট মারা গেছে ১ হাজার ১১৩ জন। চীনের মূল ভূখণ্ডের বাইরে ফিলিপাইনস, হংকং ও ইরানে তিন জন মারা গেছে।
এদিকে চীনের উহানে করোনা ভাইরাস শনাক্তের পর হঠাত্ করেই অদৃশ্য হয়ে যান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বেইজিংয়ের চেংইয়ং জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সায় তৈরি বিশেষ হাসপাতালে যান জিনপিং। ভাইরাস প্রতিরোধী মাস্ক এবং শরীরে কালো রঙের জ্যাকেটে মোড়ানো জিনপিংকে এ সময় এক স্বাস্থ্যকর্মী হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে পরীক্ষা করেন।
করোনা ভাইরাসের কারণে হওয়া রোগের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘কোভিড-১৯’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, এখন থেকে এ রোগ Covid-১৯ নামেই পরিচিত হবে। এই নামের মধ্যে CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) বোঝানো হচ্ছে। আর ১৯ থাকছে ভাইরাস ছড়ানোর সময় হিসেবে ২০১৯ সালকে চিহ্নিত করার জন্য।
চীনে জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন জাপানি ও একজন মার্কিন রয়েছেন, বাকিরা সবাই চীনের নাগরিক। মঙ্গলবার নতুন ২০১৫ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৫৩। চীনের বাইরে অন্তত ২৭টি দেশে আড়াই শতাধিক মানুষের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে বলে তথ্য দিয়েছে সিএনএন। যে এলাকাকে এ ভাইরাসের উত্পত্তিস্থল বলা হচ্ছে, সেই হুবেই প্রদেশে গত কয়েক দিন ধরে নতুন রোগীর সংখ্যা কমতে থাকায় আশাবাদী হয়ে উঠছেন চীনের চিকিত্সকেরা। জানুয়ারির ৩০ তারিখের পর মঙ্গলবারই সবচেয়ে কম মানুষের দেহে নতুন করে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। চীনে নতুন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সংক্রামক রোগ বিশেষজ্ঞ জয় নানশান বলেন, এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলতি মাসেই সর্বোচ্চ পর্যায়ে থাকবে এবং এপ্রিলের দিকে বিপদ পুরোপুরি কেটে যাবে বলে আশা করছেন তিনি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন ভাইরাসকে বিশ্বের জন্য হুমকি হিসেবেই দেখছে। সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস এ ভাইরাসকে ‘জনস্বাস্থ্যের জন্য ১ নম্বর শত্রু’ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
আক্রান্ত নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে করোনা ভাইরাসে বিশ্বের ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারে, এমন অভিমত ব্যক্ত করেছেন হংকং বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক গ্যাব্রিয়েল লিং। তিনি মনে করেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে এটি মহামারি আকারে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। লন্ডনে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন তিনি।
করোনায় ইরানে একজনের মৃত্যু! :করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ইরানে এক নারীর প্রাণহানি ঘটেছে বলে গতকাল বুধবার ইরানের রাষ্ট্রীয় দৈনিক ইরান এক প্রতিবেদনে জানিয়েছে। তবে প্রতিবেদনটি অস্বীকার করেছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর। তিনি বলেন, ইরানে করোনা ভাইরাসে আক্রান্তের কোনো ঘটনা নেই।
অবশেষে স্ক্রিনিংয়ের আওতায় মৈত্রী এক্সপ্রেস : দেশে করোনা ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা হিসেবে স্থল, বিমান ও নৌ-বন্দরের পাশাপাশি এবারে রেলপথ যোগ করার কথাও জানিয়েছে রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর অংশ হিসেবে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলরত মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদেরও স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গতকাল রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এসময় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. এএসএম আলমগীর উপস্থিত ছিলেন।
কয়েকদিন আগে থেকেই সব দেশের প্লেনের যাত্রীদের স্ক্রিনিং কার্যক্রম শুরু হয়েছে। তবে সিঙ্গাপুরে ২ জন বাংলাদেশি আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদের চীন থেকে আসা যাত্রীদের মতোই গুরুত্ব দিয়ে স্ক্রিনিং শুরু হয়েছে। প্রসঙ্গত, এর আগে সিঙ্গাপুরে করোনা ভাইরাসের মোট ৪৫ জন রোগী শনাক্ত হয়েছিল। তার মধ্যেও একজন বাংলাদেশি ছিলেন। এখন রোগীর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়ানোর পাশাপাশি আক্রান্ত বাংলাদেশির সংখ্যাও বেড়ে দুই জন হল। দ্বিতীয় আক্রান্ত বাংলাদেশির বয়স ৩৯। তিনি সেলেটার অ্যারোস্পেস হাইটে কাজ করেন। এর আগে যে বাংলাদেশি আক্রান্ত হন, তিনিও ঐ এলাকায়ই কাজ করেন, তবে এক ছাদের নিচে নয়। নতুন আক্রান্ত দুই জনের কেউ সম্প্রতি চীন ভ্রমণ করেননি।
এদিকে করোনার প্রতিষেধক আবিষ্কারের বিষয়ে নানা গুঞ্জন থাকলেও একটি সম্পূর্ণ প্রতিষেধক আবিষ্কার হতে অন্তত ১৮ মাস অপেক্ষা করতে হবে। আর এখন পর্যন্ত বাংলাদেশে ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এদের কারো শরীরেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
চীনফেরত যে যুবককে রংপুর থেকে ঢাকায় এনে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তার শরীরে করোনা ভাইরাস নেই জানিয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, তার পরীক্ষা করা হয়েছে। আগেও তার করোনা ভাইরাস ছিল না, এখনো নেই। তার ডান পায়ে দুর্বল লাগে। হাঁটতে সমস্যা হতো। এখন উন্নতির দিকে। কিডনিও ভালোর দিকে।
করোনা ভাইরাস শরীরে বাসা বেঁধেছে সন্দেহে ভারতের অন্ধ্র প্রদেশের চিতোর জেলার ৫০ বছর বয়সি বালাকৃষ্ণান আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে, মস্কোর একটি মেট্রো ট্রেনে লোকজনের ভিড়ের মধ্যে করোনা ভাইরাস রোগীর ভান করে মাটিতে পড়ে গিয়ে মস্করা করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাশিয়ার পুলিশ।
