দুই বছর যাবত্ কারাগারে থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়া ৭৫ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিত্সা করাতে চান তার পরিবার।
বেগম জিয়ার ছোটো ভাই শামীম ইস্কান্দার তাদের পরিবারের পক্ষ থেকে সর্বাধুনিক সুচিকিত্সা নিশ্চিত করতে তাকে বিদেশে পাঠানোর জন্য মেডিক্যাল বোর্ডের সুপারিশ চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ ) কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য তার পরিবারের পক্ষ থেকে এটাই প্রথম লিখিত আবেদন। এই আবেদন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। শামীম ইস্কান্দার আবেদনে বলেছেন, খালেদা জিয়ার দ্রুত অবনতিশীল স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে যে কোনো অপূরণীয় ক্ষতি এড়াতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিদেশি হাসপাতালে দ্রুত চিকিত্সা প্রয়োজন। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ব্যয় বহন করে এবং তাদের দায়িত্বে উন্নত চিকিত্সার ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে এই আবেদনে।
