লরিয়েল ইউনেস্কো পুুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫১

উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ চিহ্নিতকরণ ও বিশ্বব্যাপী এর বিস্তার রোধে প্রাথমিক চিকিত্সা কার্যক্রম এবং টিকাদান কর্মসূচি জোরদারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘লরিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড’ (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) পুরস্কার পেয়েছেন বাংলাদেশের চিকিত্সা বিজ্ঞানী  ড. ফেরদৌসী কাদরি।

ইউনেস্কোর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ‘ইন্টারন্যাশনাল ডে অব উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স’ দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মিউকোসাল ইমিউনোলজি এবং ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান ড. ফেরদৌসীকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা বিজ্ঞানী নির্বাচিত করা হয়েছে। আগামী ১২ মার্চ প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের ১ লাখ ইউরো তুলে দেওয়া হবে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাইরে আরো চার বিজ্ঞানী এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের অধ্যাপক আবলা মেহিও সিবাই, কলেজ ডি ফ্রান্সের অধ্যাপক এডিথ হেয়ার্ড, মেক্সিকোর জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের জেনোমিক সায়েন্স সেন্টারের অধ্যাপক এসপেরেঞ্জা মার্টিনেজ-রোমেরো এবং কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টি আনসেথ। বিশ্বের ১৫ জন তরুণ নারী বিজ্ঞানীর মধ্যে তারা অন্যতম।

১৯৯৮ সাল থেকে নারীদের জন্য বিজ্ঞান কর্মসূচির আওতায় বিশ্বের পাঁচ অঞ্চলের পাঁচ জন বিশিষ্ট নারী গবেষককে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১১২ জন নারী এই পুরস্কার পেয়েছেন।