যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

ইভিএমে ইতিবাচক সাড়া পেয়েছি :সিইসি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫২

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর (লন্ডনে স্থানীয় সময় পৌনে ১১টা) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় বাংলাদেশ প্রান্তে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ইতিবাচক সাড়া পেয়েছি। নেতিবাচক সাড়া পাইনি। সামনের নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার করার কথা জানান সিইসি।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পর যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করার কার্যক্রম উদ্বোধন করল নির্বাচন কমিশন। বুধবার থেকেই যুক্তরাজ্য প্রবাসীরা আবেদন করছেন। উদ্বোধনী অনুষ্ঠান চলাবস্থায় ২৪ জন অনলাইনে আবেদন করেন। আবেদনের ঠিকানা- services.nidw.gov.bd। আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্বের সনদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, শনাক্তকারী প্রবাসী বাংলাদেশির পাসপোর্টের কপি দূতাবাসে জমা দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইভিএম প্রসঙ্গে সিইসি আরো বলেন, ইভিএম নতুন প্রযুক্তি। নতুন প্রযুক্তি নিয়ে সমালোচনা থাকবে। তবে আমরা সুফল পেয়েছি। আগামী নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহার করব। প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমে ঐতিহাসিক আখ্যায়িত করে তিনি বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবি দীর্ঘদিনের। সেই দাবি আমরা আন্তরিকভাবে ও উন্নত প্রযুক্তির মাধ্যমে পূরণ করতে যাচ্ছি। আশা করছি, মার্চে প্রবাসীদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিতে পারব। প্রবাসীরা যাতে বিদেশে অবস্থান করেই ভোট দিতে পারেন—এটা তারই একটি উদ্যোগ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বৈত নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সনদ নিয়ে তা জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে দ্রুত সনদ দেয় সেজন্য চিঠি দেব।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। আরেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ঐ চ্যালেঞ্জ মোকাবিলা করে ভোটার করার কাজ হাতে নিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রান্তে আরো উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার কবিতা খানম, ইসির সিনিয়র সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। আর যুক্তরাজ্যে সিইসির সঙ্গে ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম।