আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উত্পাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। মুজিববর্ষ শুরুর প্রাক্কালে সিটি করপোরেশনের নির্বাচনে অন্ধকারের অপশক্তি পরাজিত হয়েছে। কোনো অপশক্তিকে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে আর দেখতে চাই না। সেই শপথ মুক্তিযোদ্ধাদের নিতে হবে। মুক্তিযুদ্ধের ধারার বাংলাদেশ নির্মাণ করব—এটাই মুজিবর্ষের অঙ্গীকার।
গতকাল বুধবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের প্রাণশক্তিতে আওয়ামী লীগ পরিচালিত হবে। আওয়ামী লীগে সুবিধাবাদীদের কোনো স্থান নেই। বসন্তের কোকিলদের আওয়ামী লীগের নেতা বানাবেন না। অনুপ্রবেশকারী, সুবিধাবাদী ও পরগাছামুক্ত আওয়ামী লীগ করতে চাই। দুঃসময়ের ত্যাগী নেতাদের দলের নেতা করতে হবে। ঘরের মধ্যে ঘর করবেন না। আওয়ামী লীগের পকেট কমিটি করবেন না। ত্যাগী নেতারা কোণঠাসা হলে আওয়ামী লীগ কোণঠাসা হবে। তাই ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, আর শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন। আজকে শিক্ষা-দীক্ষা, উন্নয়ন, জিডিপি, আর্থ-সামাজিকসহ সব দিক থেকে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে বিশ্ব অবাক চেয়ে রয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মেদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা আর পিছিয়ে যাব না। সামনের দিকে এগিয়ে যাব।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বের আলোচনাসভায় শেখ হেলাল উদ্দিন এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, মির্জা আজম এমপি, এস এম কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে দলের উপজেলা শাখার সভাপতি হিসেবে ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে আয়নাল হোসেন শেখের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
