বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্যোগে যৌথভাবে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে দুই দিনব্যাপী রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা (আইএসসিএসএসএম-২০২০) শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। উক্ত সিম্পোজিয়ামে বিষয়সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রায় ১১৯ জন অংশগ্রহণ করেন। সিম্পোজিয়ামটি গতকাল সমাপ্ত হয়।
এই কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষাবিদ, সংশ্লিষ্ট পেশাজীবী, সরকারি কর্তৃপক্ষ এবং শিল্পকারখানাকে একত্রিত করে রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা এবং রাসায়নিক ক্ষয় প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অংশীদারিত্বের বিষয় অবহিত করা। সিম্পোজিয়ামটির মূল আলোচ্য বিষয় ছিল কেমিক্যাল প্রসেস সেফটি এবং লস প্রিভেনশন, ঝুঁকি শনাক্তকরণ এবং ঝুঁকি মূল্যায়ন, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা, টেক্সটাইল রাসায়নিক সুরক্ষা, পরিবহন সুরক্ষা ও নিরাপত্তা এবং রাসায়নিক সুরক্ষা ও ব্যবস্থাপনাসংক্রান্ত আইন ও নীতিমালাসমূহ। উক্ত বিষয়ে দেশ-বিদেশের বিষয়সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ তাদের পাঠ উপস্থাপনা করেন।
চেয়ারম্যান, বিএনএসিডব্লিউ লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান উক্ত সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। তিনি তার সমাপনী বক্তব্যে দেশে রাসায়নিক সুরক্ষা ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সবশেষে তিনি জাতীয়ভাবে রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নের বিষয়ে একত্রে কাজ করার জন্য সবাইকে অনুরোধ করেন। —আইএসপিআর
