বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বীরা যেন শারীরিক ও মানসিক কোনোভাবেই আঘাত না পান। সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। তিনি বলেন, আমার প্রতীক নৌকা। আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিবেন। আমিও আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনো ভুলত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি নড়াইলের মানুষের সেবা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় মাশরাফি সংসদ নির্বাচনে আইনজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
গতকাল রবিবার বেলা ১১টায় নড়াইল জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাশরাফি বিন মুর্তজা একথা বলেন। নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট মোল্যা খবিরউদ্দিন, অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন প্রমুখ।
