নির্বাচনী প্রচারণার সময় গতকাল অন্তত ১৩টি স্থানে আওয়ামী লীগের প্রচার অফিসে বোমা হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। নির্বাচনী সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। সারাদেশে গ্রেফতার করা হয়েছে ১৪৬ জনকে। কয়েকটি জায়গায় ধানের শীষের প্রচার অফিস, বিএনপি সমর্থকদের বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদের ২টি নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং ১টি অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নে শ্যামগঞ্জ বাজারে স্টেশন রোড এলাকার অফিস ও সহনাটি ইউনিয়নের সরিষাহাটি মোড়ের অফিসে রাত ২টার দিকে আগুন দেয়। এছাড়া ডৌহাখলা ইউনিয়নে সিংজানী গ্রামের রায়গঞ্জ বাজারে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে।
চৌমুহনী ( নোয়াখালী ) সংবাদদাতা জানান, শনিবার রাতে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের কয়েকস্থানে আওয়ামী লীগের প্রচার মাইক ও অটোরিকসা, নির্বাচনী অফিস ও নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার আওয়ামী লীগে বিএনপি সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, শনিবার রাতে ভাঙ্গুড়া পৌরসভার ৭ নস্বর ওয়ার্ডে নৌকার নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা করে। এতে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানাসহ তিনজন আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই পৌর যুবদলের শহিদুল ইসলাম ও থানা ছাত্রদলের যুগ্ন সম্পাদক খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী সহিংসতায় ৫ বিএনপি নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার তিনানী বাজারে এ ঘটনা ঘটে।
বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার মার্দাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চারা আমতল এলাকায়।
বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা হামলা চালানো হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ দিকে উপজেলা শ্রীরামপুর বাজার, কমলাপুর এবং হুদোরমোড়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপি’র ৫ জন নেতা-কর্মীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার লালমোহনে ৩ যুবলীগ কর্মীকে পিটিয়ে আহত করেছে ছাত্রদলের কর্মীরা।
পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দপুরে একদল দুর্বৃত্ত এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ঘটনায় বিএনপির দুইজনকে আটক করা হয়েছে।
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ত্রিশালে শনিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার কালির বাজার নামকস্থানে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গ্রেফতার হয়েছেন তিন বিএনপি নেতা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকোট গ্রাম ও বেলঘর গোসাই বাজারে শনিবার রাতে একদল দুর্বৃত্ত বিএনপি নেতা-কর্মীদের ১১টি দোকানে ব্যাপক হামলা, ভাঙ্চুর ও লুটপাট করেছে অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পরানপুর গ্রামে যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে ধানের শীষ প্রার্থীর কর্মী-সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ জন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধানের শীষের ২টি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল রবিবার দুপুরে দক্ষিণ ফটিকছড়ির মো. তকির হাটে বিএনপি প্রার্থী কর্নেল আজিমুললাহ্ বাহারের গণসংযোগে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে বিএনপি প্রার্থী কর্নেল আজিম উললাহ্ বাহারসহ ২৫জন নেতা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা বর্তমানে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে চিকিত্সাধীন রয়েছেন।
স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মহাজোটের প্রার্থী জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নার লাঙ্গল মার্কার নির্বাচনী কার্যালয়ে শনিবার রাতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কলেজ গেটের সামনে ও মাদ্রাসার পাশে বিএনপির নির্বাচনী দুটি ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা জানান বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় গতকাল উপজেলায় বিএনপির ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী অফিস জানায়, গতকাল রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট ও নওহাটা পৌর মেয়র মকবুল হোসেনকে সন্ত্রাস দমন আইনের মামলায় পুলিশ গ্রেফতার করেছে।
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, মহাজোট প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গত দুই দিনে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় যুবদল নেতা মুকুল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে শনিবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হয়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের পুলিশের বিশেষ অভিযানে বিএনাপি নেতাকর্মীসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদীতে নাশকতার জন্য গোপন বৈঠক করার সময় শনিবার রাতে স্থানীয় জনতা এক প্রধান শিক্ষকসহ তিনজনকে দেশি অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সীতাকুন্ডের সলিমপুর এলাকায় ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা চালানোর সময় পলিশ ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারিকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী এনামুল হক এনামের নিজ এলাকা কৈয়গ্রামের নির্বাচনী প্রধান কার্যালয় থেকে শুক্রবার রাত সাড়ে তিনটায় পুলিশ দু’টি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ ১৩জনকে গ্রেফতার করেছে।
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদাদাতা জানান, মাদারগঞ্জ থানা পুলিশ রবিবার ভোর রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জুকে নাশকতা মামলায় আটক করেছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ছাত্রদলের সভাপতি রবিন মিয়াকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, উল্লাপাড়া মডেল থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বাঁখুয়া গ্রামের ছাত্র শিবির নেতা মোহাম্মাদ আলীর বাড়ি থেকে ৯টি স্টিলের তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও ৯টি ককটেল উদ্ধার করেছে। এই ঘটনায় দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে পুলিশ।
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের আটোয়ারীতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহবায়কসহ ৫ বিএনপি সমর্থককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও ছাত্রদলের ১০ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমের একটি নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মইশাই এলাকায় এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ ও বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বরুড়ার বিএনপির দুই সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
