সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ৯ উপজেলা চেয়ারম্যান। এদের অধিকাংশই বিএনপি মনোনীত প্রার্থী। পদে থেকে বা পদত্যাগপত্র গৃহীত না হওয়ার আগেই মনোনয়নপত্র দাখিল করায় এসব উপজেলা চেয়ারম্যানের নির্বাচনে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছেন তারা। আজ সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ আদালতে এসব আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আপিলকারীরা হলেন: ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, ঝিনাইদহ-২ আসনে মো. আব্দুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মো. মুসলিমউদ্দিন, রাজশাহী-৬ আসনে আবু সাইদ চান, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন, রংপুর-১ আসনে মো. আসাদুজ্জামান ও ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসান সুমন।
ধানের শীষ প্রতীক বরাদ্দের বিরুদ্ধে আপিল: তিন প্রার্থীকে ধানের শীষ প্রতীক বরাদ্দের হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনকারীরা হলেন:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম বিমল ও ডা. ছালেক চৌধুরী।
মিল্লাতের ছেলের রিট: ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী রাশিদুজ্জামান মিল্লাতের প্রার্থিতা বাতিল করে হাইকোর্ট। মিল্লাতের ছেলে শাহাদাত বিন জামান ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে হাইকোর্টে রিট করেন।
