আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তির পরাজয় নিশ্চিত। আপনারা আগুন সন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেবেন না। সারা দেশে নৌকার গণজোয়ারে ধানের শীষ ইতিমধ্যে ডুবে গেছে। সারা দেশের মতো নোয়াখালীর ৬টি আসনেও নৌকার গণজোয়ার বইছে। শান্তিপ্রিয় মানুষের কাছে ধানের শীষ এখন বিষ। ধান কাটা শেষ, এখন নৌকায় উঠুন। আগুন সন্ত্রাসীদের তিনটি গুণ— সন্ত্রাস, দুর্নীতি ও মানুষ খুন।
গতকাল রবিবার দুপুরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলা সরকারি পাইলট হাইস্কুল, সোনাইমুড়ী হাইস্কুল ও চাটখিল পিজি হাইস্কুল মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি দেশকে কি দিয়েছে? আসলে তারা মুলা ঝুলিয়েছে, আর কিছু দেয়নি। আন্দোলনের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছে আওয়ামী লীগ। আপনাদের শেখ হাসিনার প্রতি আস্থা আছে? আরো উন্নয়ন চান? এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চান? তাহলে নৌকায় ভোট দিন। নৌকার বিকল্প নেই, শেখ হাসিনারও বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বে ১০ জন সেরা নেতার একজন। বিশ্বে দুজন সেরা প্রধানমন্ত্রীর একজন। তিনজন সত্ রাষ্ট্রনায়কের একজন। তিনি আরো বলেন, বিএনপি যদি আবার ফিরে আসে, বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যাবে। ২০০১ সালে বাড়িঘরে থাকতে দেয়নি তারা। বাবার জানাজায় গিয়ে, মায়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি গিয়ে গ্রেফতার হয়েছেন। তারা ফের ক্ষমতায় এলে দেশ অন্ধকারে ডুবে যাবে। আমার নেত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেন, তা ভঙ্গ করেন না। আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রতি ঘরে ঘরে গ্যাস পৌঁঁছে দেবে এবং প্রত্যেক পরিবারের একজন বেকার যুবককে চাকরি দেবে। এটি জাতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা।
