প্রিয়তমা, সবকিছুই তোমার জন্যে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫০

তুমি দূরদেশে,

বরফ পড়ার দেশে চলে গেছ।

 

আমাদের সূর্যতারুণ্য ক্রিকেট দল

তুমি গ্যালারিতে নেই বলে

বাহুতে কষ্টের কালো ফিতে বেঁধে

নত নয়, প্রখর রৌদ্রে খেলছে।

 

মাশরাফির দ্বিতীয় স্পেল। চতুর্থ বল। ইনজিওর্ড হলো।

শাদা বল। মাটি মাখা। ধূসরতা ঢেকে দিল চোখ।

যেন তুষারপাতে ডুবে গেছে মাঠ।

ড্রেসিংরুমের দিকে হাঁটছে কষ্ট।

শুধু তোমার জন্যে মায়া,

কালো ফিতেটায় হাত বুলিয়ে প্রেরণার স্পর্শ নিল।

 

তিরিশতম ওভারে একটি রান বাঁচাতে যেয়ে সাকিবও।

আঙুলে প্রচণ্ড চোট। তখনো ওর তিন ওভার বাকি।

মনে হলো প্রতিপক্ষ খুশি।

লাল সবুজ জার্সির বুকে মিশে গেছে বাংলার ঘাস।

দর্শক নির্বাক। চোখের গভীরে শীত।

সাকিব হাত তুলে জানালো বরাভয়।

সব কিছুই শুধু তোমার জন্যে।

 

একটি নো বল হলো। সব মুক্তি সত্য নয়।

ফ্রি হিটে রান করতে পারেনি।

ছিল মোস্তাফিজের কাটার।

আমাদের চোখে আশা নামের দ্যুতি নেচে গেল।   

 

তুমি নেই, ওরা ইনজিওর্ড হলো;

তুমি পরবাসে, নো বল হলো।

 

ভাষ্যকারদের অভিজ্ঞতা মতে,

জয়, পেন্ডুলাম বলে দেবে। 

 

তোমাকে বিজয় উপহার দেবে ব’লে

আমাদের স্বপ্নরা লালসবুজ, লালসবুজ।