বইমেলায় খুদে লিখিয়েদের বই!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৯

চলছে বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলা। এবারের বইমেলায় বড়োদের পাশাপাশি বেরিয়েছে খুদে লিখিয়েদের বেশকিছু বই। তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনের বই নিয়ে কচি-কাঁচার আসরের এ আয়োজন। গ্রন্থনা করেছেন—জুনায়েদ হাবীব

দ্যা আমাজান রহস্য

আরিফ হাসন

 

থ্রিলার মানুষের মনকে রোমাঞ্চিত করে সবসময়। মায়ের কাছে শোনা সিন্দাবাদ, আলিফ লায়লা কিংবা রবিনসন ক্রুসোর গল্প দিয়ে আমাদের শৈশবেই এই থ্রিলারের পাঠ শুরু হয়। সময় গড়ালে তা গিয়ে পৌঁছায় ফেলুদা, ব্যোমকেশ থেকে চাঁদের পাহাড়, আমাজনিয়ায়। আমাদের  তৃষ্ণার্ত মন চেয়ে থাকে একটু টানটান অথবা বুকের ভেতর ধুকপুক উত্তেজনার জন্য। ‘দ্যা আমাজন রহস্য’ তেমনই এক বিপদ ডিঙিয়ে উদ্ধার হয়ে আসার দুর্দান্ত কাহিনি। অনুসন্ধিত্সু চঞ্চল কিশোরমনের দুঃসাহসকে গল্পের ভেতর তুলে ধরেছে খুদে লেখক আরিফ হাসান। এবারের বইমেলায় ঘাসফুল প্রকাশনী প্রকাশ করেছে বইটি। প্রচ্ছদ করেছেন কাজী দুরন্ত। দাম ১৩০।

 

হল নং ৮৪০

আহমদ জুয়েল

 

রাত ৩.২০ মিনিটের দিকে আবিরের ফোন কল বেজে উঠল। আবির নিয়মিত ফোন সাইলেন্ট করে ঘুমায়। কিন্তু আজ কেন জানি মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছে। ফোন কল আসাতে আবির বিরক্তিভাব নিয়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন?

—ওয়ালাইকুম আসসালাম। আবির আমি তোমার আন্টি। মুনতাসিরের আম্মু বলছি।

—ও আন্টি, ভালো আছেন?

—না বাবা ভালো নেই। মুনতাসিরের জন্য খুব টেনশন হচ্ছে। এত রাত হলো এখনো বাসায় ফেরেনি। মোবাইলও বন্ধ। বাকিদেরকে ফোনে না পেয়ে শেষ পর্যন্ত তোমাকেই ফোন করলাম। তুমি কি ওদের বিষয়ে কিছু জানো বাবা? শহরে যায়নি তো?

—না আন্টি। কোথায় গেছে তা জানি না। তবে...

তবে কথাটা বলার সাথে সাথে ফোন কল কেটে গেল। এরকমই কিছু ঘটনা দিয়ে গল্প সাজানোর চেষ্টা করেছে খুদে গল্পকার আহমদ জুয়েল তার ‘হল নং ৮৪০’ বইয়ে। বইটিতে মোট সাতটি গল্প রয়েছে। বইয়ের প্রচ্ছদ তার নিজেরই করা। দাম ধরা হয়েছে ১৭০ টাকা। বইটি প্রকাশ করেছে সুপ্রকাশ প্রকাশনী।

 

সুফলতলা গোরস্থান

মোহাম্মদ সালমান ফারসী

 

আটচল্লিশ বছরের গোরস্থান যাত্রায় মাত্র তেইশ জন কবরবাসী সুফলতলা গ্রামের। বাকিসব শবদেহ অন্যান্য জায়গা থেকে আসা। ধরতে গেলে এই গোরস্থানে হাজারেরও বেশি সমাধি রয়েছে। সঠিক হিসাব জানা নেই রিয়ান এবং জিদানের। ‘আপনারা শহর থেইকা আসছেন বুঝি?’ হঠাত্ প্রশ্ন করে বসল মুমিন মিয়া। রিয়ান আমতা আমতা করতে থাকল, ‘না। আসলে আমরা শহরেই পড়াশোনা করি। তবে এখন এসেছি সাতগ্রাম থেকে। চেনেন হয়তো।’ ‘আমার চেনাজানা নেই। তবে নাম শুনেছি অনেক।’ ‘কি বলেন। এদিকের গ্রামগঞ্জের খবর আপনার নেই? আপনি তো এখানকারই বাসিন্দা মনে হচ্ছে।’ ‘সেটা ঠিক অবশ্য। কিন্তু পরাধীন বাসিন্দা। সুফলতলা গ্রামের বাসিন্দা না কিন্তু। শুধু সুফলতলা গোরস্থানের বাসিন্দা। স্বাধীন হওয়ার নিশ্চয়তা নেই আমার।’ জিদান বিস্মিত হলো এসব কথা শুনে। পাশের এলাকার খবর জানেন না মুমিন মিয়া। লোকটা ঠাট্টা করছে না তো। ...অচেনা কারো সাথে এভাবে ঠাট্টা করার কথাও না। এমনই রোমাঞ্চকর গল্প নিয়ে বইটি লেখা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির পরিবেশক বিবর্তন প্রকাশনী। দাম ১৫০ টাকা।

শৈশব

মুহাম্মদ মোশারফ হোসাইন

 

প্রতিটি মানুষের একটা শৈশব আছে। এই শৈশব নিয়ে আছে হাজার রকমের অনুভূতি। শৈশবকালটা কারো জন্য আনন্দময় আবার কারো জন্য বেদনার। শৈশবকালের হাসি-আনন্দ, ভুলভ্রান্তি, দুঃখ-কষ্ট ও বাস্তব জীবনের আদ্যোপান্ত নিয়ে লেখা বই ‘শৈশব’। এতে রয়েছে ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার দিকনির্দেশনা। রয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনচিত্র। বইটির প্রকাশক বর্ণ প্রকাশনী। দাম ১৫০ টাকা।

 

কাইকর কামলার বউ

আব্দুল্লাহ আল মামুন

 

মা প্রায় সকালবেলা ভাতের সঙ্গে লালশাক মাখিয়ে খাইয়ে  দেয় আমাকে। স্কুলে যাবার আগে চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেয়। ইচ্ছে করেই স্কুলের গেট দিয়ে না ঢুকে লাফ দিয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করি। মনে মনে ভাবি হয়তো সবাই আমার দিকে তাকিয়ে আছে। দুই ফুট উঁচু জায়গা থেকে লাফ দিয়েও ভাব দেখাই যেন পাহাড় থেকে লাফ দিয়েছি। বাবা অটো ড্রাইভার। সারাদিনে যা কামাই করে তা দিয়ে সাংসারিক যাবতীয় জিনিস কিনেও আমার জন্য বাজার থেকে কিছুমিছু কিনে নিয়ে আসে। তাদের সংসারের সুখের ভেলাটা আমি। এটিই বইটির গল্পের সূচনা। আব্দুল্লাহ আল মামুন বইটিতে এমনই কয়েকটি গল্প দিয়ে সাজিয়েছে বইটি। প্রচ্ছদ করেছেন রহমান আজাদ। দাঁড়িকমা প্রকাশনী থেকে বেরিয়েছে বইটি। দাম ১৮০ টাকা।