এই সময়ের ছড়া

ভালোবাসা দিবসে আক্কাস আলী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:০২

 

ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ ভালোবাসা দিবসে

আক্কাস আলী ঘরের ভেতর থাকতে পারে কি বসে?

সারি বেঁধে যাচ্ছে সবাই—ভিড় বেশি ফুল দোকানে

ফুল নিয়ে তাই যাচ্ছে আলী, যাচ্ছে যারা ওখানে।

টিএসসির মোড়ে গিয়ে ফুল হাতে সে দাঁড়িয়ে

হয়তো কেহ বন্ধুত্বের হাতটা দেবে বাড়িয়ে।

এদিক তাকায় ওদিক তাকায়—নর ও নারী চলছে

ভালোবাসার কত্তো কথা বলছে শুধু বলছে।

দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে—কেউ তো সাড়া দিচ্ছে না

দু হাত ভরা ফুলের তোড়া কেউ এগিয়ে নিচ্ছে না।

সকাল দুপুর শেষ হয়েছে, শেষ হয়েছে বিকেলও

সারা দিনের উপোস মুখে, জানে না সে কী খেলো।

সবাই ছিল জোড়ায় জোড়া, কেউ ছিল না একলা

ক্লান্ত শরীর, আলী ফেরে মুখটা করেই মেঘলা।